প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা
আহত সাইদ কামালকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে
ঢাকা: রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছেছে।
সৈয়দ কামাল সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে আহত হন সৈয়দ কামাল। ওই দুর্ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান হৃদি (২২) নিহত হন।
তামান্না তার বিমান চালনার প্রশিক্ষণ শেষে বুধবার দুপুরে প্রশিক্ষণ বিমানটি একা চালাচ্ছিলেন। একসময় বিমানটি ঘোরাতে গিয়ে বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়ে গিয়ে আগুন ধরে যায়।
নিয়ম অনুযায়ী একজন প্রশিক্ষণার্থীকে সনদ পেতে হলে ১৫ ঘণ্টা একা বিমান চালাতে হয়।
ওই দুর্ঘটনায় বিমানটি যখন জ্বলছিল এর ভেতরেই তামান্না চিৎকার করছিলেন। আর এভাবেই তার স্বপ্নের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর তার প্রশিক্ষক সৈয়দ কামালকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় আনা হয়।
সাইদ কামালের শরীর ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








