রাঙামাটিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
রাঙামাটি: অপহৃত চালক উদ্ধার না হওয়ায় রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে। এতে রাঙামাটিতে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি অটোরিকশা শ্রমিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, ‘গত ২৭ মার্চ শুক্রবার রাঙামাটি থেকে রানীরহাট যাওয়ার পথে চালক শহীদুল ইসলামসহ (৩৭) সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই হয়। পরবর্তী ৬ দিনেও মহসিনের কোনো খোঁজ দিতে পারিনি প্রশাসন।’
তিনি বলেন, ‘প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেও তারা শহিদুলকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। আমাদের বিশ্বাস প্রশাসন আন্তরিক হলে নিশ্চয় শহিদুল ও অটোটি উদ্ধার করা সম্ভব হতো।’
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি মো. অলি আহম্মদ, সহ- সভাপতি ইউনুস মিয়া, যুগ্ম সম্পাদক হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়ূয়া, দফতর সম্পাদক শিবু রায় ও প্রচার সম্পাদক আব্দুল হক প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








