বন্যহাতি কেড়ে নিল বিজিবি সদস্যের প্রাণ
কক্সবাজার: জেলার রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন ল্যান্স নায়েক হাবিবুর রহমান নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য । তিনি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।
বুধবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ১৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিজিবি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামুর হিমছড়ি পাহাড়ে অবৈধভাবে মালেশিয়াগামীদের জড়ো করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম অভিযানে যায়। কক্সবাজার ও ইনানী বিচের মাঝামাঝি হিমছড়ি পাহাড়ের কাছে গেলে তিনটি বন্য হাতির অতর্কিত আক্রমণের মুখে পড়ে দলটি।
হাতিগুলো বিজিবি সদস্যদের গাড়িতে ও পাহাড়ের পাশে অবস্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই নিরাপদ দূরত্বে সরে গেলেও হাবিবুর রহমান হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে সূত্র জানায়।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই
নিউজবাংলাদেশ.কম








