নূসরাতকে নির্যাতন
‘মেজর নাজিরের উপযুক্ত বিচার করা হবে’
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূসরাত জাহান তুষ্টির ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় তার স্বামী প্লাটুন কমান্ডার মেজর নাজির উদ্দিনের উপযুক্ত বিচার করা হবে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনা সদর থেকে নুসরাতকে দেখতে আসা দুই সেনা কর্মকর্তা তুষ্টির পরিবারকে এ আশ্বাস দিয়েছেন। তুষ্টির ভাই মুয়িদ হাসান ত্বরিৎ নিউজবাংলাদেশকে এ তথ্য জানান।
ওই দুই কর্মকর্তার বিষয়ে ত্বরিৎ বলেন, “সেনা কর্মকর্তারা নূসরাতকে দেখে গেছেন। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে নাজির উদ্দিনের উপযুক্ত বিচার করা হবে।”
কালিহাতিতে গত সোমবার মেজর নাজিরের বাসায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ত্বরিৎ বলেন, "নূসরাতের ওপর নির্যাতনের ঘটনা শুনে আমরা তাকে আনতে যাই। এসময় আমাদের সামনেই নূসরাতকে ফের মারধর করা হয়। মেজর নাজির স্ত্রী নূসরাতের গলা চেপে ধরে দেয়ালে মাথা ঠুকে দেয়।"
তিনি আরো বলেন, “এসময় আমি বাধা দিলে আমাকেও মারধর করা হয়। মেরে আমার শার্টও তারা ছিঁড়ে ফেলে।”
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নূসরাত জাহান তুষ্টির ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনও করেছেন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা দোষী স্বামী মেজর নজির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম/একে
নিউজবাংলাদেশ.কম








