বালিয়াকান্দি ও গোয়ালন্দে বজ্রপাতে ২ জনের মৃত্যু
রাজবাড়ী: বুধবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার দেবগ্রাম ও গোয়ালন্দ উপজেলার নতুনচর গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম গ্রামের খবির শেখের ছেলে জাকির হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের লিয়াকত শেখের ছেলে মুরাদ শেখ (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জাকির হোসেন মাঠে কাজ করছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে জাকির অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মুরাদ শেখও সকালে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সতনু রায় তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ থানা ওসি নাছির উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








