ইয়েমেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহযোগিতা করবে ভারত
ঢাকা: অব্যাহত হামলা ও গৃহযুদ্ধের মুখে ইয়েমেন আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে।
বুধবার ঢাকার ভারতীয় হাই কমিশন এক টুইটে এই সিদ্ধান্তের বিষয়টি জানায়। ভারত সরকার ইতোমধ্যে নিজেদের জাহাজে করে ইয়েমেন থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু করেছে।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক জানিয়েছিলেন ইয়েমেনে গৃহযুদ্ধের মধ্যে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আলোচনা শুরু করেছে।
তিনি জানান, বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া নয়া দিল্লির সঙ্গেও আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় আড়াই হাজার থেকে তিনহাজার বাংলাদেশি নাগরিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








