রাজধানীতে বাস চাপায় গার্মেন্ট শ্রমিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর মাতুইয়ালে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় এক নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহনাজ বেগম (২৫)। তিনি নারায়ণগঞ্জ ইপিজেডে চাকরি করতেন।
বুধবার দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাহনাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টা ৩৫ মিনিটে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহতের স্বামী জাকির জানান, “সন্ধ্যা সাড়ে ৭টায় তার স্ত্রী মাতুয়াইল মা ও শিশু হসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শাহনাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
পেশায় সিকিউরিটি গার্ড জাকির তার স্ত্রী ও সন্তান নিয়ে মাতুয়াইল মুসলিম নগরে থাকতেন। তার দেশের বাড়ি বাগেরহাটের মোরলগঞ্জে। নিহত শাহনাজের রাব্বি নামে ৮ বছরের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কমে/এএইচ/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








