News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

সংসদে প্রধানমন্ত্রী

আদালতের নির্দেশ এলে খালেদার সম্পত্তি বাজেয়াপ্ত

আদালতের নির্দেশ এলে খালেদার সম্পত্তি বাজেয়াপ্ত

ঢাকা: “আদালতের নির্দেশ এলে খালেদা জিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। চলমান অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্তদের মাঝে সেগুলো বিতরণ করা হবে” বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে তিনি দাবি করেন, “খালেদার কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে।”

মানুষ যে খালেদার সঙ্গে নেই, সেটা তিনি বুঝেও না বোঝার ভান করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী।
 
বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।

যশোর-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের সম্পূরক প্রশ্ন ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কি না’ এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আইন মেনে চলি। আইন যেভাবে বলবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেহেতু আইন প্রণয়ন করি, তাই আমরা আইন রক্ষা করবো। যা কিছু হবে আইনের আওতায় হবে।”
 
তিনি বলেন, “যদি কোর্ট থেকে এ ধরনের কোনো নির্দেশ আসে, তবে তার (খালেদার) সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমরা তো বিএনপি নেত্রীর মতো আইন অমান্য করতে পারি না। তাই কোর্টের নির্দেশের অপেক্ষায় আছি।”
 
খালেদা জিয়া নির্দেশিত ‘ভুল’ পথে বিএনপি ‘নিশ্চিহ্ন’ হওয়ার পথে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছেন। দেশের মানুষ যে এখন তার সাথে নেই সেটা তিনি বুঝেও না বোঝার ভান করছেন।”
 
দশম সংসদ নির্বাচন বর্জন করে এখন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের হরতাল-অবরোধের দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।
 
শেখ হাসিনা বলেন, “তার (খালেদা জিয়া) এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে, আর এটাই হবে তার কথিত আন্দোলনের পরিণতি।”
 
তিনি সংসদকে জানান, “বিএনপি জোটের ৮৫ দিনের কর্মসূচিতে পেট্রল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ১৩০ জন নিহত এবং সহস্রাধিক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। এই সময়ে দু হাজারের বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। এটা দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতিকে রুখে দেওয়ার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই  নৈরাজ্য দীর্ঘদিন চলতে দেওয়া যায় না।”
 
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ মহবিল থেকে এ পর্যন্ত নাশকতায় ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে মোট ১১ কোটি ৭০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আরও ৩০ জনের পরিবারকে ১ কোটি ১৭ লাখ টাকা অনুদান দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায় রয়েছে।”
 
তিনি জানান, “ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে ৪২৬টির মালিককে মোট ৫ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত ৩৯৫টি যানবাহনের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে।”
 
হাসিনা অভিযোগ করে বলেন, “এতগুলো মানুষ মারা গেল, অথচ তিনি তার বক্তব্যে এদের প্রতি সমবেদনাটুকুও জানাননি। আসলে এই নিরীহ মানুষগুলোকে তিনি হত্যা করেছেন। তাই সমবেদনা জানানোর মানসিক শক্তিটুকু তার ছিল না।”
 
আসন্ন সিটি নির্বাচনে বিএনপির ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দাবি প্রসঙ্গে সংসদ নেতা বলেন, “তাদের এই সুরের পেছনে কোন বেসুর বাজে তা বোধগম্য নয়। অনেক পরে হলেও তাদের (বিএনপির) শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে। তারা বলেছিল, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেন না। এর আগে ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে তারা দেড়শ মানুষকে হত্যা করেছেন। হাজার হাজার মানুষকে পঙ্গু করেছেন। তারা যে কী চাচ্ছেন তা বোধগম্য নয়।”
 
তিনি বলেন, “দল নিরপেক্ষ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্যানেল তৈরি করা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ইতোমধ্যে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বৈঠক করেছে কমিশন।”
 
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়