News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন

পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা: পরিস্থিতি বিবেচনা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন ‍আহমদ।

বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অবসরপ্রাপ্ত) আ স ম হান্নান শাহ সিইসির সঙ্গে বৈঠক করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

নির্বাচনে সহিংসতা হতে পারে কয়েকজন মেয়র প্রার্থীর এমন আশঙ্কার বিষয়ে প্রশ্ন করলে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, ডিসিসি উত্তর ও দক্ষিণ এবং চসিসিতে নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে।”
 
তিনি আরও বলেন, “পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। তাই নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা বা আইন শৃঙ্খলার অবনতি হবে না বলে আমরা আশা করছি।”
 
বিএনপি প্রতিনিধি দলের দাবি প্রসঙ্গে সিইসি বলেন, “বিষয়টি পরিস্থিতিরি ওপর নির্ভর করছে। যদি নির্বাচনী পরিস্থিতির অবনতি হয় বা সেনা নামানোর মতো যতেষ্ট কারণ থাকে তাহলে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে ডাকতে পারে।”
 
বিএনপির রাজনৈতিক কার্যালয় খুলে দেওয়া প্রসঙ্গে কাজী রকিব বলেন, “সিটি নির্বাচন নির্দলীয় নির্বাচন। তবু সবাই দলীয় কার্যক্রমের মাধ্যমে এ নির্বাচনে অংশ নেয়। এজন্য রাজনৈতিক একটা সংস্কৃতি দাঁড়িয়েছে। আমরা আইনের মধ্যে থেকে যা কিছু সম্ভব, তাই করবো।”
 
আত্মগোপনে ও জেলে থাকা বিএনপি নেতা কর্মীদের প্রসঙ্গে সিইসি বলেন, “এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আদালত। এটা আদালতে ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। জেলে থেকেও নির্বাচনে জিতেছে, অতীতে এমন নজির অনেক আছে।”
 
নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান সিইসি।

তিনি বলেন, “সিটি নির্বাচন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে সব ধরনের দায়িত্ব পালন করবে ইসি।”
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়