রাজধানীতে হোটেল কক্ষে জাপা নেতার মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর বিজয়নগরে একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির (জাপা) বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলায় থাকা ৩২৪ নম্বর কক্ষে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হাজরা শহিদুল ইসলাম অচেতন অবস্থায় বাথরুমে পড়ে ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই নুরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, মৃতের পরিবার জানিয়েছেন তিনি হার্টের রোগী ছিলেন। এর আগেও তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে সঠিক মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
মরদেহের স্বজন ও ভাগ্নি জামাই মো. শাহিন উদ্দিন জানান, হাজরা শহিদুল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়া উপজেলায়। বুধবার (১৭ ডিসেম্বর) তিনি নমিনেশনের ফর্ম নিতে এবং পার্টির মিটিংয়ে ঢাকায় এসেছিলেন। সেখানে জেলা সভাপতি ও আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে ছিলেন। মিটিং শেষে তারা হোটেলে ফিরে বিকেলে খাবার খান, এরপর জেলা সভাপতি চলে গেলে শহিদুল ইসলাম একাই ছিলেন রুমে।
আরও পড়ুন: রাজধানীতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত
জামাই শাহিন উদ্দিন বলেন, রাত ৮টার পর থেকে পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সকালে রাজনৈতিক সহকর্মীরা খবর পেয়ে হোটেল গিয়ে দরজা নক করেন। সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি, বাথরুমের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়েছিলেন।
পরিবারের মতে, শহিদুল ইসলাম ২০১৮ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে নির্বাচিত হননি। তিনি রাজনীতির পাশাপাশি মাছ ধরার ট্রলারের ব্যবসা এবং সুপারির ব্যবসা করতেন। এছাড়া, তিনি হার্টের রোগী ছিলেন এবং গত রমজান মাসে মিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
পল্টন থানা পুলিশ বলেছে, হত্যার কোনো প্রমাণ মেলেনি এবং এ মুহূর্তে এটি হৃদরোগজনিত মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে দেখা হচ্ছে। তবে তদন্ত চলবে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








