একনেকে ৬৩৭ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন
ঢাকা: ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, একনেক বৈঠকে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে তিন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে (জিওবি) ৬২২ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা।
ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে পরিচালনার জন্য দুটি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ প্রকল্প, এর ব্যয় হবে ৭২ কোটি ২৪ লাখ টাকা। এছাড়া উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ টাকা।
বৈঠকে অন্যদের উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








