প্রাক-বাজেট আলোচনা
মঙ্গলবার এনজিওর সঙ্গে বসছেন অর্থমন্ত্রী
ঢাকা: নতুন অর্থবছরের ২০১৫-১৬ জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকের পরে এবার বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার অর্থমন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় বাজেটকে সামনে রেখে ইতোমধ্যে অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে শুরু হয়েছে প্রাক বাজেট আলোচনা। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ আলোচনা চলবে ১৪ মে পর্যন্ত।
জানা গেছে, দেড়মাসের বিভিন্ন সংগঠন, পেশাজীবীর মতামত ও প্রস্তাবনা বিবেচনায় নিয়ে আগামী বাজেট প্রণয়ন করবে অর্থ মন্ত্রণালয়। যা জুনের ৪ তারেখ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী।
এর আগে রোববার দেশের বিভিন্ন গবেষণা সংস্থার অর্থনীতিবিদের সঙ্গে নতুন অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় মিলিত হয়েছে অর্থমন্ত্রী। বৈঠকে বাজেটের আকার এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী মুহিত। তবে এর আকার ৩ লাখ কোটি হতে পারে বলে প্রথমিক ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকবে না বলে ওই সময় তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছরের বাজেট দেশের ৪৫তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের এ বাজেট হবে সপ্তম। আর এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেট যোগ করে তার বাজেট সংখ্যা হবে নয়টি।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








