পুঁজিবাজারে ইউনাইটেড পাওয়ারের লেনদেন শুরু রোববার
ঢাকা: রোববার থেকে দেশের উভয় শেয়ার বাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে লেনদেন শুরু করবে জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ‘এন’ ক্যাটাগরি হিসাবে লেনদেন শুরু করতে যাওয়া কোম্পানিটির ট্রেডিং কোড UPGDCL.
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তিন কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত টাকা প্রেফারেন্স শেয়ার (অগ্রাধিকার শেয়ার) পরিশোধ, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।
গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারের ড্র অনুষ্ঠিত হয়। ১০ টাকা অভিহিত মূল্য এবং ৬২ টাকা প্রিমিয়ামের কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ৭২ টাকা। প্রতিটি লটে শেয়ারের পরিমাণ ১০০টি।
গত বছর ১১ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩১তম সভায় কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পায়।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ৯৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা ৬৪ পয়সা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ
নিউজবাংলাদেশ.কম








