অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে রিহ্যাব
আবাসন খাতে মন্দাবস্থা কাটাতে ফ্ল্যাট কেনায় অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। চলমান বাজেট পূর্ব আলোচনায় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আরেফিন এ সুপারিশ করেন।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এ সভায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশ নেন।
রিহ্যাবের দাবি, আয়কর বিবরণীতে অপ্রদর্শিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনলে এনবিআর এ অর্থের উৎস সম্পর্কে জানতে চাইবে না। এ জন্য আয়কর অধ্যাদেশের ১৯ (বিবিবিবিবি) ধারা পুনঃপ্রবর্তনের দাবি জানান আবাসন ব্যবসায়ীরা।
রিহ্যাব মনে করে, এ ধারা পুনঃপ্রবর্তন না করলে বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ বিপুল অর্থ বিদেশে পাচার হয়ে যাবে।
এ ছাড়া ফ্ল্যাট ও প্লট কেনার সময় নিবন্ধন মাশুল ও কর কমানোর, অগ্নিনির্বাপক যন্ত্রপাতির আমদানি শুল্ক প্রত্যাহার, সরবরাহ মূসক ও উৎসে কর থেকে আবাসন প্রতিষ্ঠানকে অব্যাহতি, আবাসন খাতে ব্যবহৃত মূলধনি যন্ত্রপাতির আমদানি শুল্ক হ্রাসের সুপারিশ করেছে রিহ্যাব।
এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রিহ্যাবের সব প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








