বীমা খাত অনিয়ম ও ফাঁকিবাজিতে দক্ষ: অর্থমন্ত্রী
ঢাকা: দেশের বীমা খাতের বিষয়ে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের বীমা খাত অনিয়ম ও ফাঁকিবাজিতে দক্ষ। তবে এ বিষয়টি উল্টো হয়ে গেলেই এ খাত আরো উন্নয়ন হবে।
বৃহস্পতিবার দিলকুশা বাণিজ্যিক এলাকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) অফিস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী সাধারণ বীমা কপোরেশন টাওয়ারের ৯ম তলায় আইডিআরএ এর নতুন অফিসের উদ্বোধন করেন তিনি।
বীমা খাতের দুর্নীতি ও অনিয়ম ধরতেই আইডিআরএ জন্ম হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “যে প্রক্রিয়ায় অনিয়ম এবং ফাঁকিবাজি হয় তাকে নিয়ম ও দক্ষতার সঙ্গে কাজে লাগানো গেলে এ খাতে আরো উন্নয়ন হবে।”
বর্তমানের বীমা খাতের অগ্রগতিকে বর্তমান সরকারের সফলতা দাবি করে অর্থমন্ত্রী আরো বলেন, “এটি সম্ভব হয়েছে সরকারের বীমা আইন করার কারণে। সরকার বীমা আইন ২০১০ করেছে এবং ২০১১ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছে। এর ফলে এ খাত ব্যাপক উন্নত হয়েছে।”
ইন্স্যুরেন্স খাতের দক্ষতা বাড়াতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে (বিআইএ) আরো শক্তিশালি করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেনসহ বীমা খাতের বিশেষজ্ঞরা। এসময় সাধারণ বীমা ও জীবন বীমা কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








