বর্তমানের শেয়ারবাজার আন্তর্জাতিক মানের: অর্থমন্ত্রী
ঢাকা: বর্তমানের শেয়ারবাজারকে সত্যিকারের শেয়ারবাজার বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দিলকুশা বাণিজ্যিক এলাকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। পরে ৩৭/এ দিলকুশা সাধারণ বীমা কপোরেশন টাওয়ারের ৯ম তলায় আইডিআরএ এর নতুন এ অফিস উদ্বোধন করেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, “একসময় বাংলাদেশে স্টক মার্কেট বলতে কিছুই ছিল না। বর্তমানের শেয়ারবাজার সত্যিকার অর্থের স্টক মার্কেট, যা আন্তর্জাতিক মানের। শেয়ারবাজারে উঠানামা হবেই। এটি বিশ্বের অন্যান্য বাজারে হয়ে থাকে।”
সরকার ২০০৯ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে দুইটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে মুহিত জানান, এর একটি হচ্ছে, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেনসহ বীমা খাতের বিশেষজ্ঞরা। এসময় সাধারণ বীমা ও জীবন বীমা কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








