এফবিসিসিআই নির্বাচনে অনিশ্চিত মতলুব, প্যানেলে মনোয়ারা
ঢাকা: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি প্রার্থী বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী প্যানেল তৈরি করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী চেম্বার থেকে সভাপতি প্রার্থী আবদুল মতলুব আহমদ এখনো প্যানেল করার সিদ্ধান্ত নেননি।
বৃহস্পতিবার নিউজবাংলাদেশের সঙ্গে পৃথক আলাপে তারা এসব কথা জানান।
এদিকে বিকেলে এফবিসিসিআই ইলেকশন বোর্ড চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ নিউজবাংলাদেশকে বলেন, “এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার দুই হাজার ২০৬ জন। এর মধ্যে ৭৮টি চেম্বারের ৪৩২ জন এবং ৩৫৭টি অ্যাসোসিয়েশন থেকে একহাজার ৭৭৪ জনকে ভোটার করা হয়েছে।”
তিনি বলেন, “নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠ করার লক্ষ্যে ইলেকশন বোর্ড বিধি মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এখন এ তালিকায় কারো কোনো আপত্তি থাকলে তারা ট্রাইব্যুনাল আপিল করতে পারবেন। পরবর্তীতে আপিলের শুনানি হবে। তবে এখন পর্যন্ত কোনো আপত্তি আছে বলে আমাদের নিকট খবর আসেনি।”
তালিকা প্রকাশের কিছুসময় পরেই ইলেকশন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন সভাপতি প্রার্থী মনোয়ারা হাকিম আলী। সাক্ষাৎ শেষে তিনি নিউজবাংলাদেশকে বলেন, “যে তালিকা প্রকাশ হয়েছে সেসব বিষয়ে আলাপ হয়েছে এবং নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। আশা করি, যারা ভোটার হয়েছেন তারা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে ফেডারেশন পরিচালনার দায়িত্ব দেবেন।”
প্রকাশিত ভোটার তালিকা ও নির্বাচনে প্যালেন গঠন করা হবে কিনা এমন প্রশ্নে মনোয়ারা হাকিম বলেন, “না, ভোটারদের বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আর আগামী দুই-তিন দিনের মধ্যে প্যানেল ঘোষণা করবো।”
একই বিষয়ে নিউজবাংলাদেশের কথা হয়েছে সভাপতি প্রার্থী আব্দুল মতলুব আহমদের সঙ্গে। ভোটার প্রসঙ্গে তিনি বলেন, “মনে হচ্ছে আগের চেয়ে কিছু ভোটার বেড়েছে। আশা রাখি ভোটাররা যোগ্য প্রার্থীকে তাদের নেতৃত্বের জন্য নির্বাচিত করবেন।”
প্যানেল প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণ প্যানেল করেই নির্বাচন করে থাকে। অনেকে যোগাযোগ করছেন, দেখা করছেন, কথা বলছেন, ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই ভালো এবং যোগ্য, কাকে ছেড়ে কাকে নেব। তাই এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না।”
তিনি আরো বলেন, “মাত্র তো চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে, এখনো কিছু সময় পাবো। আশা করি আগামী সপ্তাহে মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেব। আর যদি ঐক্যমত হতে না পারি তাহলে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তও নিতে পারি।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








