কৃষি ব্যাংকের ৮ ব্যবস্থাপকসহ ২০ জনকে তলব করেছে দুদক
ঢাকা: বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ৮ ব্যবস্থাপকসহ (ম্যানেজার) ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মো. জুলফিকার আলী স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদেরকে তলব করা হয়েছে। বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছে দুদকের একটি সূত্র।
সূত্র জানায়, ওয়াহিদুর রহমান নামে এক ব্যবসায়ীর তিনটি ভুয়া প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে কৃষি ব্যাংক বনানী শাখা। এভাবে ১৫২ কোটি টাকা লোপাটের ঘটনায় ২০ জনকে তলব করা হয়েছে। এসব কর্মকর্তাদেরকে ২১, ২২ ও ২৩ এপ্রিল দুদকে হাজির হতে বরা হয়েছে।
সূত্র আরো জানায়, ২১ এপ্রিল বাংলাদেশ কৃষি ব্যাংক, মিরপুর শাখার সাবেক ব্যবস্থাপক মিসেস রোকেয়া বেগম, চকবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. আব্দুস সোবহান, নন্দীপুর বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. দিদারুল আলম, গাজীপুর জয়দেবপুর শাখার সাবেক ব্যববস্থাপক নিখিলরঞ্জন ভৌমিক ও গাজীপুর সফিপুর শাখার সাবেক ব্যবস্থাপক মো. আফছার উদ্দিনকে হাজির হতে বলা হয়েছে।
২২ এপ্রিল যাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে তারা হলেন, কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সাবেক ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা এ কে এম ফেরদৌস আলম, ঢাকার আশুলিয়া শাখার সাবেক ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, উত্তরা শাখার সাবেক শাখার মো. আলী আশরাফ ও যশোর জেলার প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক প্রণীল কুমার মণ্ডল।
২৩ এপ্রিল যাদেরকে হাজির হতে বলা হয়েছে তারা হলেন, ব্যাংক গ্রান্টার রাজধানীর ইস্কাটনের বাসিন্দা মিসেস আসমা খাতুন, বড় মগবাজার দিলু রোডের বাসিন্দা গোলাম কাদির, একই এলাকার বাসিন্দা গোলাম ফারুক, গোলাম হাবিব, গোলাম নবী, গোলাম গাউস, মিসেস রওশন আরা বেগম, গোলাম মোহাম্মদ, গোলাম কবির, রাজধানীর গুলশান রোডের বাসিন্দা খন্দকার মেহমুদ আলম নাদিম এবং মনিরা মুন্নী।
দুদক সূত্র জানায়, ওয়াহিদুর রহমান দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ অনুসন্ধানে ওই ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র জানায়, এর মধ্যে কৃষি ব্যাংকের সঙ্গে অর্থের সম্পৃক্ততা ১৫২ কোটি টাকা। বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, সিটি ব্যাংক থেকে ছয় কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








