ঢাকায় আজ থেকে শুরু তিন দিনের মোটর-বাইক শো
ঢাকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের মোটর-বাইক শো। ‘দশম নিটল-নিলয় ঢাকা মোটর শো’ ও ‘ঢাকা বাইক শো’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর জোয়ার সাহারা এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেমস্ গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ও সেমস্ বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজক। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিটল-নিলয় গ্রুপ।
আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়াসহ ১৪টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ স্টল থাকবে। এতে গাড়ি, মোটরসাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদর্শন করা হবে।
জানা যায়, প্রদর্শনীতে নিটল–নিলয় গ্রুপ, উত্তরা মোটরস, নাভানা পেট্রোলিয়াম, র্যাংগস গ্রুপের র্যানকন মোটরবাইক, কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ টিভিএস অটো, গাজী টায়ার, বার্জার পেইন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।
দর্শনার্থীদের সুবিধার্থে ঢাকার পাঁচটি এলাকা থেকে বাস সার্ভিসের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা। এলাকাগুলো হচ্ছে গুলিস্তান, ফার্মগেট, ঢাকা কলেজ, কাকলী ও কুড়িল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








