প্রাক-বাজেট বৈঠক
ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা দিতে চায় এনজিওগুলো
ঢাকা: মোবাইল হেল্থ সার্ভিসের মাধ্যমে সব জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার দাবি জানিয়েছেন এনজিও প্রতিনিধিরা। এ জন্য সরকারের সহায়তা চান তারা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনজিও প্রতিনিধিরা এ প্রস্তাব দেন।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত বলেন, “এ সার্ভিস অনেক ভালো। আসন্ন বাজেটে এ বিষয়ে কিছু সহায়তা দিতে পারি কি না ভেবে দেখা হবে।”
বৈঠকে দেশের দারিদ্র্য বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে দারিদ্র্য হার ২৪ শতাংশ। তবে সংখ্যা যাই হোক ২০১৮ সালের পরে দেশে আর দারিদ্র্য থাকবে না।”
এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নারীনেত্রী খুশি কবির এবং সালমা খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের উন্নয়নে এনজিওদের অবদান ও অগ্রগতিসহ চলতি ও নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে আলোচনা হয়েছে।
বাজেট বিষয়ে মন্ত্রী বলেন, “আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজটে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশনকে অধিক গুরুত্ব দেয়া হবে। এছাড়া চলতি বাজেটের ন্যায় আগামী বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।”
চলতি বছরের সংশোধিত বাজেট বিষয়ে মন্ত্রী মুহিত বলেন, “আমরা ইতোমধ্যে চলতি অর্থবছরে বাজেটে ৬ শতাংশ প্রবৃদ্ধি পার করেছি। চলতি অর্থবছরের জন্য দুলাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছিল, তা কমিয়ে প্রায় দুলাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।”
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, “দেশে ১০ টাকার এক কোটি ৩৩ লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে কৃষকদের সংখ্যা বেশি। তাদের সংখ্যা প্রায় এক কোটি। এছাড়া মায়েদের সঙ্গে শিশুরাও ১০ টাকার অ্যাকাউন্ট খুলছে। এই সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ। এ জন্য আমরা দুশকোটি টাকার রিফাইন্সিং চালু করেছি। প্রতি বছর ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করছি।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








