রাজনৈতিক কারণে কমছে ব্যক্তি বিনিয়োগ: সিপিডি
ঢাকা: রাজনৈতিক অনুদারতা কারণে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকলেও বর্তমানে ব্যক্তিখাতের বিনিয়োগ নেই বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘কেমন হবে নতুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থার ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য একথা জানান।
তিনি বলেন, “হরতাল-অবরোধের মত কর্মসূচিতেও দেশের অর্থনীতির ছয়টি গুরুত্বপূর্ণ সূচক ইতিবাচক অবস্থায় রয়েছে। তার মধ্যে প্রধান ছয়টি স্বস্তির দিক হলো বাংলাদেশে মূল্যস্ফীতির হার নিম্নমুখী, বাণিজ্যিক সুদের হার নিম্নমুখী, টাকার আন্তর্জাতিক বিনিময় হার স্থিতিশীল, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রয়েছে, বৈদেশিক আয় বেড়ে উদ্বৃত্ত রয়েছে এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমার ফলে, বিশেষ করে তেলের দাম কমার ফলে ভর্তুকির উপর যে চাপ ছিল, সে চাপ অনেক কম রয়েছে।”
অনুষ্ঠানে মূল গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এসময় সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম।
গবেষণা প্রতিবেদন দেখা গেছে, ৫ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ৮১ দিনের টানা অবরোধ ও ৬৭টি দিনের হরতালে দেশের অর্থনীতির মোট ক্ষতি হয়েছে ৪ হাজার নয়শ কোটি টাকা, যা ২০১৪-১৪ অর্থবছরের মোট জিডিপির প্রবৃদ্ধির শুন্য দশমিক ৫৫ শতাংশ। এর ফলে জিডিপির কাঙ্খিত লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হবে না। যা ৬ শতাংশের আশেপাশে থাকবে।
অনুষ্ঠানে দেবপ্রিয় বলেন, “সিপিডি যে সমীক্ষা করা হয়েছে তা থেকে বর্তমান বাংলাদেশের অর্থনীতির স্বস্তির দিকগুলো বের হয়ে এলেও বাংলাদেশে এ মুহূর্তে দুটি সমস্যা রয়েছে। প্রথমটি হলো কাঠামোগত সমস্যা, অন্যটি ব্যাক্তিখাতের বিনিয়োগকে তেজি করা যাচ্ছে না।”
দেশে অর্থনৈতিক সংস্কার দরকার উল্লেখ করে তিনি আরো বলেন, “বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার দরকার। গত কয়েক বছর যাবত বিভিন্ন সময় সরকারের ঘোষিত কর্মসূচি যেভাবে বাস্তবায়িত হওয়ার কথা ছিল সেভাবে বাস্তবায়িত হতে পারছে না।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








