News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

সবই এখন বিক্রি হচ্ছে ই-কমার্সে: গভর্নর

সবই এখন বিক্রি হচ্ছে ই-কমার্সে: গভর্নর

ঢাকা: বর্তমান বিশ্বে ই-কমার্স অন্যতম জনপ্রিয় ও দ্রুত অগ্রসরমান ব্যবসা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন, কোরবানির গরু থেকে শুরু করে পদ্মার ইলিশ, নকশী কাঁথা, শাকসবজি সবই এখন বিক্রি হচ্ছে ই-কমার্সের মাধ্যমে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ড. আতিউর রহমান এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, বেসিসের সভাপতি শামীম আহসান ও ই-কমার্স সাইটের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আতিউর রহমান বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা ই-কমার্স ব্যবসার দিকে ঝুঁকছেন। বাংলাদেশে ই-কমার্স সেবা দেওয়ার জন্যে প্রায় অর্ধশত সক্রিয় ওয়েব পোর্টাল রয়েছে। শ’খানেকের বেশি ফ্যাশন হাউজ ই-কমার্সের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করছে। পাঁচ শতাধিক ফেসবুক পেজ রয়েছে যার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট প্রোমোট করা হচ্ছে।”

তিনি জানান, তথ্যপ্রযুক্তি-নির্ভর ব্যাংকিং খাত গড়ে তোলা এবং ই-কমার্স প্রসারে নানা ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে ব্যাংকগুলোর অনুসরণের জন্যে ই-কমার্স কার্যক্রম নিয়ে একটি নীতিমালা জারি করে যা ছিল দেশে ই-কমার্স প্রবর্তনের প্রথম মাইলফলক।

আইসিটি মন্ত্রণালয় ও বেসিসের সঙ্গে বাংলাদেশ ব্যাংক হাতে হাত মিলিয়ে কাজ করছে দাবি করে গভর্নর বলেন, “ই-কমার্স সম্পর্কে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। এ ব্যবসাকে আরো অধিক গুরুত্ব দেয়ার লক্ষ্যে বেসিস ই-কমার্স অ্যালায়েন্স গঠনের যে উদ্যোগ গ্রহণ করেছে সে জন্য তাদের সাধুবাদ জানাই।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়