বাংলাদেশ ব্যাংকে লুৎফর রহমান সরকারের নামে লাউঞ্জ উদ্বোধন
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের (এল আর সরকার) নামে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে একটি লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। দেশে আধুনিক ব্যাংকিংয়ের পথিকৃৎ লুৎফর রহমান সরকারের স্মৃতি ধরে রাখতে লাউঞ্জটি করা হয়।
গতকাল বৃহস্পতিবার লাউঞ্জটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আতিউর রহমান। ব্যাংকের মূল ভবনের নির্বাহী ফ্লোরে (তৃতীয় তলা) এই লাউঞ্জটি দেশের আধুনিক ব্যাংকিং খাতে অনুপ্রেরণা যোগাবে বলে কর্তৃপক্ষের আশা।
লাউঞ্জটির উদ্বোধনকালে আতিউর রহমান বলেন, ‘লুৎফর রহমান সরকার ছিলেন বাংলাদেশের প্রথিতযশা ব্যাংকার, উদ্ভাবনী-সৃজনশীল ও গণমুখী ব্যাংকিংয়ের পথিকৃৎ। পেশাদারত্বের এক অনুপম দৃষ্টান্ত হয়ে তিনি প্রায় ৫০ বছরের ব্যাংকিং পেশায় অসামান্য দক্ষতার সঙ্গে দেশে আধুনিক ব্যাংকার সৃষ্টিতে নিরলস কাজ করে গেছেন।’
এল আর সরকার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








