News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫১, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

প্রতিরাতে আনিসুল হকের প্রেমে পড়তাম: তসলিমা নাসরিন

প্রতিরাতে আনিসুল হকের প্রেমে পড়তাম: তসলিমা নাসরিন

ঢাকা: এক সময় প্রতিরাতে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের প্রেমে পড়তেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের ফেসবুক পেজে এমন কথাই লিখেছেন তিনি। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“ফেসবুকে দেখছি আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন। এই সেই আনিসুল হক! এখনো চেহারাটা অনেকটা আগের মতোই। যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন! টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন। ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কন্ঠস্বর আমাকে সত্যি সত্যি পাগল করত। প্রতি রাতে ওঁর প্রেমে পড়তাম। আমার প্রেম দেখে আমার ছোট বোনও ওঁর প্রেমে পড়ে বসলো। প্রেম জিনিসটা সত্যিই সংক্রামক।

আনিসুল হককে নিয়ে আমার আর বোনের মধ্যে কী বিশাল যুদ্ধ বেঁধে গেল। আমাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত আমি একটা প্রেমের চিঠি আনিসুল হককে পাঠাব বলে ঠিকই করে ফেলেছিলাম। আর ওদিকে বোনটিও আমার অগোচরে ওঁকে একটা চিঠি পাঠিয়ে দিল। কিছুদিন পর আনিসুল হকের প্রেম-প্রেম একটা চিঠি এলো বোনের কাছে। চিঠিটা আমার হাতেই পড়েছিল। আমার কি আর প্রাণে সয়!

পুরনো সেসব দিনের কথা মনে পড়ছে আর আমার ঠোঁটের কোণে প্রজাপতির মতো উড়ে উড়ে হাসি এসে বসছে। আমার বোন যখন এই লেখাটা পড়বে, খুব জোরে হাসবে নাকি আমার মতো নিঃশব্দে!

কৈশোর যখন যায়, একেবারেই কি যায়?”

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়