ব্রাজিলের কোচ হতে চান কার্লোস
ঢাকা: খেলোয়াড়ের ভূমিকায় দারুণ সফল ছিলেন রবার্তো কার্লোস। তা হোক ব্রাজিল জাতীয় দল, কিংবা রিয়াল মাদ্রিদের চিরচেনা গন্ডি। এরপর কোচিংয়েও হাতেখড়ি হয়েছে তার। এখন তুরস্কের সুপার লিগে ম্যানেজার হিসেবে নিয়মিতই ডাগআউট আলোকিত করতে দেখা যাচ্ছে ৪২ বছর বয়সী সাবেক ফুটবলারকে। এবার নতুন ইচ্ছা জেগেছে কার্লোসের। ব্রাজিল জাতীয় দলের কোচ হতে চান সাও পাওলোর লেফটব্যাক।
ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতা কার্লোস ২০১২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিখ্যাত সেলেসাও জার্সি গায়ে চড়ান তিনি। এরপর তুরস্কের সুপার লিগের দল অর্থাৎ প্রথম বিভাগে খেলা সিভাসপোরের দায়িত্ব নেন ২০০২ বিশ্বকাপ জেতা ফুটবলার। পরে আকিসার নামক আরেকটি ক্লাবেরও ম্যানেজারের ভূমিকায় দেখা গেছে তাকে। এখন কার্লোস চাইছেন স্বদেশ ভূমির জন্য কিছু করতে। আর সেটা কোচিং দিয়েই।
ফোলহা ডি সাও পাওলোকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ালের সাবেক তারকা বলেন, “আমার লক্ষ্য হল জাতীয় দলের কোচিং করানো। হ্যাঁ, আমি জানি অনেক পথ অতিক্রম করতে হবে। আর এর জন্য টাইমফ্রেমও দেয়া যাবে না।” এরপর নিজের সাবেক গুরুদের ঋণও স্বীকার করেন তিনি। সাবেক রিয়াল তারকা বলেন, “আমি যেসব কোচের অধীনে ছিলাম সবার কাছ থেকে কিছুকিছু শিখেছি। যেমন মারিও জাগালো, কার্লোস আলবার্তো পাহেইরা, ভিসেন্ত দেল বস্ক, ফ্যাবিও ক্যাপালো, লুইস ফিলিপ স্কলারি ও রয় হজসন।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








