অভিষেকেই জ্বলে উঠবে রনি
ঢাকা: ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার রনি তালুকদার। স্বপ্নের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক থেকেই জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে প্রস্তুত তিনি। রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে এমন কথাই বলেছেন রনি তালুকদার।
জাতীয় দলের হয়ে প্রথম দিন কেমন কাটলো এমন প্রশ্নে রনি তালুকদার বলেন, “আমি খুব এক্সাসাইটেড ছিলাম প্রথম প্র্যাকটিস কেমন হবে, তো এসে দেখলাম যে, সবাই এখানে পরিচিত। আর খেলোয়াড়রা যারা আছেন, ওনাদের সাথে তো আমি অনেক দিন ধরেই খেলতেছি। ওনাদের আন্ডারে অনেক ম্যাচ খেলেছি। সব মিলে অনুশীলন খুব ভালো লাগতেছে। প্রথমে যে চাপটা ছিল, সেটা এখন অনুভব করছি না।”
শুরুতে নিজের কাছে নার্ভাসনেস কাজ করেছে কিনা জানতে চাইলে রনি বলেন, “ওইভাবে নার্ভাসনেস কাজ করে নাই। আগেই তো বললাম, প্লেয়াররা যারা আছে সবার সাথে পরিচিত। ৬-৭ বছর ধরে পরিচিত। তো ওনারাও সাপোর্ট করতেছে। আমি জিনিসটাকে ইনজয় করতেছি।”
জাতীয় দলের হয়ে অনুশীলনে কোন বলের উপর জোর দিয়েছেন,“যে বল গুলো আমার জোনে আছে সেগুলো খেলছি। আমি শর্ট বলে আমি একটু ভালো খেলি, ওই বল গুলোতে স্কোর করার চেষ্টা করছি। আর ম্যাচের মতো করেই আমি প্র্যাকটিস চেষ্টা করছি।”
পাকিস্তানের বাঁহাতি পেসাদের কিভাবে মোকাবেলা করবেন এমন প্রশ্নে তরুণ এ ব্যাটসম্যান বলেন, “ আমাদের প্র্যাকটিস ম্যাচটা আছে। সেখানে ওদের দেখা হবে। ওখানে ওদের বলের গতি দেখব। আমি তো নতুন, তাই আমাকে শুরুতে ভালোভাবে দেখতে হবে। ভিডিও অ্যানালিস্ট আছেন, ওনার কাছ থেকে ওদের সম্পর্কে ধারণা নেব, কথা বলব। আশা করি ভালো খেলতে পারব।”
জাতীয় লিগের ধারাবাহিকতা নিয়েই জাতীয় দলে যায়গা, তাই প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঘরোয়া ক্রিকেটে এ ধারাবহিকতা ধরে রাখতে চান তিনি। রনি বলেন,“ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। কারণ আমি ওখানে যেভাবে ব্যাটিং করছি, পাকিস্তানের বিপক্ষেও সেভাবে খেলতে চাই।”
নিজের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বলেন, “খেলার ভেতর ঝুকি থাকবে। আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট। টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে রান করতে হবে। রান করার জন্য আপনার ভেতর যা আছে, সেটা ব্যবহার করতে হবে। কোচ রুয়ানের সঙ্গে আমি কাজ করেছি ২০০৮-৯ সালে। ও একাডেমির কোচ ছিল। সেখান থেকেই ওনার সঙ্গে পরিচয়। যারা আছে ভালো রেসপন্স করতেছে, ওনারা সাপোর্ট করতেছে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








