News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৪, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

সেভিয়ার কাছে পয়েন্ট হারাল বার্সা

সেভিয়ার কাছে পয়েন্ট হারাল বার্সা


ঢাকা: স্প্যানিশ লিগের শিরোপা লড়াইকে আরো জমিয়ে তুললো সেভিয়া। শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় বার্সেলোনাকে ২-২ গোলে রুখে দিয়েছে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা।

এস্টাডিও র‌্যামন সানচেজে তারকা খচিত কাতালনরা দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে। ফলে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের থেকে আর মাত্র দুই পয়েন্টের অগ্রগামিতা রইল শীর্ষস্থানের অধিকারী লিওনেল মেসি-নেইমারের ক্লাবের। যা রিয়ালকে ভালোভাবেই আবারো শিরোপা দৌড়ে ফেরালো।

স্প্যানিশ লিগের ৩১ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান সংখ্যক ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল। টেবিলের তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর ঝুঁলিতে ৬৬। আর চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ভ্যালেন্সিয়া ও সেভিয়ার সংগ্রহ সমান ৬২ পয়েন্ট।

১৪ মাস ধরে ঘরের মাঠে অপরাজিত সেভিয়া। কিন্তু অতীত রেকর্ড ফিকে করে দিয়ে কিকঅফের ১৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। নেইমারের নিকট থেকে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর।

৩১ মিনিটে ব্যবধান ২-০ করেন নেইমার। লুইস সুয়ারেজকে ফাউল করা হলে সেভিয়ার ডি বক্সের সামনে ফ্রি-কিক পায় লুইস এনরিকের শিষ্যরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে অবিশ্বাস্য এক গোল করেন ব্রাজিলিয়ান সেনসেশন। বাঁকানো এক ফ্রি-কিকে স্বাগতিকদের দ্বিতীয়বার হতাশ করেন তিনি।

কিন্তু দুই গোল হজমের পর যেন অহংয়ে আঘাত লাগে সেভিয়ার। খেলার ৩৮ মিনিটে দূরপাল্লার একটি শটে একটি গোল শোধ দেয় সাদা জার্সিধারী দলটি। আর বিরতি থেকে ফিরে খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে কেভিন গ্যামেইরো বার্সার শিরোপা স্বপ্নে বড় একটা আঁচড় লাগিয়ে দেন। কারণ খেলার ৮৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ফরাসি স্ট্রাইকার।

এর আগে দিনের প্রথম খেলায় রিয়াল মাদ্রিদ তাদের রুটিন কাজটা ঠিকঠাকভাবে করেছে। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ক্রিশ্চিয়ানো রোনালদো, হাভিয়ের হার্নান্দেজ ও জেসে রদ্রিগেজের গোলে ৩-০ গোলে হারিয়েছে দুর্বল এইবারকে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়