সিটির দুঃখ বাড়াতে চায় ম্যানইউ
ঢাকা: টানা পাঁচ জয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো ম্যানসিটিকে পেছনে ফেলেছে ম্যানইউ। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা। কিন্তু এর জন্য মাশুল গুণতে হয়েছে ম্যানসিটিকে। টেবিলের চার নম্বরে অধপতিত হয়েছে সিটিজেনরা। এক্ষেত্রে রোববারের ম্যানচেস্টার ডার্বি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আরেকটি হার ম্যানুয়েল পেলেগ্রিনির দলের শিরোপা স্বপ্ন পুরোপুরি ধুলিসাৎ করে দিতে পারে। কিন্তু সেই কাজটি করতে চাইছে রেড ডেভিলরা।
গেল সোমবার ক্রিস্টাল প্যালেসের নিকট ২-১ গোলে হেরে লিগ লিডার চেলসির থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যানসিটি। যা ইত্তিহাদ স্টেডিয়ামের অধিবাসীদের শিরোপা ধরে রাখার মিশনকে কঠিন করে তুলেছে। শুধু তাই নয়, এখন ম্যানসিটির ইউরোপ সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার দৌড়টাও আরো বন্ধুর হয়ে উঠেছে। কিন্তু এটাকেই জয়ের সেরা মওকা হিসেবে দেখছেন ম্যানইউ কোচ লুইস ভন গল। শনিবার তিনি বলেন, “দলের সবাই জয়ের জন্য স্বপ্ন দেখছে।”
গত সাত ম্যাচের পাঁচটিতে হারে অনেকেই চিলিয়ান ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানসিটি অধ্যায়ের শেষ দেখছেন। কিন্তু ম্যানইউয়ের বিপক্ষে মাঠে নামার আগে ভয় পাওয়ার কোনো কারণ নেই আকাশী জার্সিধারীদের। কারণ, ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ তিন সাক্ষাতেই জয়ের মুখ দেখেছে সার্জিও আগুয়েরো-সামির নাসরিরা। আর এই সময়ে গোল করেছে ১১টি। তাই প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে চিলি ম্যানেজার বলছেন, “আশা করি তারা আমাদের সম্মান দেখাবে। কেননা সর্বশেষ কয়েক বছরে আমারাই ডার্বিতে আধিপত্য দেখিয়েছি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








