শনিবার দুপুরে ঢাকায় টাইগারদের সংবর্ধনা
ঢাকা: সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দেশের মানুষের মন জয় করেছে মাশরাফি মর্তুজা বাহিনী। তাই বিভিন্ন পেশাজীবী মানুষের পক্ষ থেকে জাতীয় দলের ক্রিকেটারদের গণসংবর্ধনা দেয়া হচ্ছে। শনিবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউতে নানা আয়োজনের মধ্য দিয়ে টাইগারদের সংবর্ধনা দেয়া হবে।
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে মাইলস, ওয়ারফেইজ ও অর্থহীনের ব্যান্ড পারফরম্যান্স দিয়েই সংবর্ধনা শুরু হবে। টানা তিনটি ব্যান্ডের পারফরম্যান্স শেষে জাতীয় দলের ক্রিকেটাররা মঞ্চে উপস্থিত হবেন। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া শেষে ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হবে। বিভিন্ন পেশাজীবীর সংগঠনগুলো তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরণ করে নেবেন।
অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবির সকল পরিচালক-কর্মকতা এবং জাতীয় দলের সাবেক ক্রিকেট তারকারা উপস্থিত থাকবেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী উপস্থিত থাকার কথা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা।
শুক্রবার নিউজবাংলাদেশকে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন,“ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। তিনটি ব্যান্ড পারফরম্যান্স দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর জাতীয় দলের ক্রিকেটাররা মঞ্চে উঠবেন। ক্রিকেটাররা মঞ্চে ওঠার পর জাতীয় সংগীত গাওয়া হবে। জাতীয় সংগীতের পর বিভিন্ন পেশাজীবীদের সংগঠনগুলো ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। শেষে আতশবাজির আলোকছটাও দেখা যাবে।”
নিউজবাংলাদেশ.ডটকম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








