সাকিবহীন কেকেআরে বদলি খোঁজা শুরু
ঢাকা: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থামিয়ে দিয়েছে কেকেআরের জয়রথ। টানা দশ করার পর থেমে গেছে নাইট রাইডার্সের অভিযান। দিন দুই আগে ইডেন গার্ডেনে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে হার মেনেছে গৌতম গাম্ভীরের নেতৃত্বাধীন বাহিনী। এই অবস্থায় সাকিব আল হাসানের প্রস্থান চিন্তায় ফেলে দিয়েছে কেকেআর থিঙ্কট্যাংককে। টাইগার ক্রিকেটারের বিকল্পও খোঁজা শুরু হয়ে গিয়েছে।
পাকিস্তান সিরিজের দলে যোগ দিতে শিগগির বাংলাদেশ দলের শিবিরে যোগ দেয়ার কথা সাকিবের। বাংলাদেশের হোম সিরিজের সূচি অনুযায়ী কেকেআরের শেষ দুটি ম্যাচের আগে তাকে আর পাবে না শাহরুখ খানের দল। এর মাঝেও কথা আছে। সেই শেষ দুটো ম্যাচের গুরুত্ব যদি থাকে তবেই কেকেআর শিবিরে যোগ দেবেন টাইগার ক্রিকেটার।
গেল আইপিএলের চ্যাম্পিয়ন হিসেবে কেকেআরের দুই প্রধান মুখ হিসেবে ধরা হয় দুজনকে। তারা হলেন- সুনীল নারিন ও রবিন উথাপ্পা। কিন্তু জয়ের পেছনে অলিখিত নায়ক বলে যদি কেউ থাকেন তো তিনি বাংলাদেশি সাকিব। ব্যাটিং তো বটেই, টিম কেকেআরের কাছে তার চার ওভারের বাঁহাতি স্পিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিবের অভাব তাই কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে কেকেআরের কর্মকর্তাদের।
বদলির ভাবনাও ভাবা শুরু হয়ে গেছে। এক নম্বর বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছে, তিনি নেদারল্যান্ডসের রায়ান টেন ডয়েসকেট। যদি সাকিবের বদলির ব্যাটিংকে প্রাধান্য দেওয়া হয়, তা হলে ডয়েসকেটকে দেখা যেতে পারে। কিন্তু যদি প্রাধান্য পায় বোলিং, তা হলে সাকিবের জায়গায় দুটো নাম আসছে- ব্র্যাড হগ ও জোহান বোথা। কিংস ইলেভেনের বিরুদ্ধে পুণেতে আগামী শনিবার কে নামবেন তা সম্ভবত ঠিক হবে পিচ অনুযায়ী কম্বিনেশন কী হয়, তার উপর।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








