News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৪, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

পাকিস্তান নয়, আমরাই ফেবারিট: রিয়াদ

পাকিস্তান নয়, আমরাই ফেবারিট: রিয়াদ

ঢাকা: টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকা পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। ফতুল্লায় আগামী ১৫ এপ্রিল এক দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার জমজমাট ক্রিকেট লড়াই। সেই হোম সিরিজে পাকিস্তানের চেয়ে নিজেদেরকেই বেশি ফেবারিট বলে মনে করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার বিকেলে গুলশানে একটি হোটেলে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের এক বছর মেয়াদী চুক্তি শেষে এমন কথা বলেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। এখন আগামী এক বছর স্ক্যান সিমেন্টের হয়ে বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড ও ইভেন্টে দেখা যাবে টাইগার ক্রিকেটারকে।

পাকিস্তান সিরিজের প্রস্তুতি ও সিরিজে কোন দল বেশি ফেবারিট এমন প্রশ্নে রিয়াদ বলেন,“বিশ্বকাপের শেষ থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভালোই হচ্ছে। আজ থেকে পাকিস্তান সিরিজের অনুশীলনও শুরু হয়েছে। বিসিএলের ফাইনালের কারণে আজ কয়েকজন অনুশীলন করতে পারেনি। কাল (সোমবার) থেকে সবাইকে নিয়ে পুরোদমে অনুশীলন চলবে। আর পাকিস্তান সিরিজে আমরাই বেশি ফেরারিট। বিশ্বকাপে আমাদের দলীয় পারফরম্যান্সই আমাদের ফেবারিট করেছে। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চাই। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামব।”

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ নিজের পারফরম্যান্স নিয়ে বলেন,“পাকিস্তান সিরিজেও বিশ্বকাপের পারফরম্যান্স ধরে রাখতে চাই। দলের হয়ে চার নাম্বারে ব্যাটিং করার সুযোগ পেলে বড় ইনিংস খেলার চেষ্টা করব। আসলে আমার ওপর একটি বড় দায়িত্ব আছে। চেষ্টা করব পাকিস্তান সিরিজে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে।”

বিশ্বকাপে স্বপ্ন পূরণের কারণে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দেশের মানুষের যে প্রত্যাশা, সেটি ক্রিকেটারদের জন্য কোন চাপ হবে কিনা, এমন প্রশ্নে রিয়াল বলেন,“বিশ্বকাপে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলেই ভালো কিছু করা সম্ভব। দেশের মানুষের প্রত্যাশা ক্রিকেটারদের জন্য কোন চাপ হবে না। আমরা নিজেদের মাঠে সেরা পারফরম্যান্স করতে চাই।”

পাকিস্তান দল নিয়ে জানতে চাইলে তিনি বলেন,“পাকিস্তান অনেক ভালো দল। বিন্তু এবার নিজেদের মাঠে আমরাই পাকিস্তানের চেয়ে এগিয়ে। তাই নিজেদের মাঠে ফেবারিট দল হিসেবেই মাঠে নামব।” বিশ্বকাপে নিজের টানা দুই সেঞ্চুরির বিষয়ে রিয়াদের বক্তব্য,“বিশ্বকাপের সেই দুটি সেঞ্চুরির কথা সবসময় মনে থাকবে। তবে সেটা এখন অতীত হয়েছে। আমার লক্ষ্য ক্রিকেট খেলা। সামনের পাকিস্তান সিরিজেও বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের জন্য জাতীয় দলের হয়ে সবসময় ভালো কিছু করতে চাই।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়