‘ক্রুদ্ধ’ নেইমারে বিরক্ত বার্সা কোচ
ঢাকা: বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের আচরণে বিরক্ত বার্সেলোনা কোচ লুইস এনরিকে। শনিবার সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ লা লিগের খেলায় ২-২ ব্যবধানে ড্র করার দিনে নেইমারকে তুলে নিয়েছিলেন বার্সা ম্যানেজার। আর তাতেই ‘ক্রুদ্ধ’ হয়েছিলেন নেইমার। ডাগআউটে যাওয়ার সময় তার আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিরক্ত স্প্যানিশ জাত ম্যানেজারও।
সেভিয়া-বার্সা ম্যাচের ৭৪ মিনিটে নেইমারকে তুলে নিয়ে জাভি হার্নান্দেজকে মাঠে নামান এনরিকে। বিষয়টি মনঃপুত হয়নি সেলেসাও তারকার। সেজন্য মাঠ থেকে উঠে যাওয়ার সময় বিরক্তি প্রকাশ করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করে বসেন নেইমার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বার্সা কোচকে। এর জবাবে এনরিকে বলেন, “সেটা নিতান্তই নির্বোধের মতো আচরণ। তা নিয়ে কথা বলতে চাইছি না আমি। তবে ইদানিং বিষয়টা অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটা কথা পরিষ্কার হওয়া দরকার, আমাকে দলের জয় নিয়ে ভাবতে হবে। সুতরাং সেরকম আচরণ আগ্রহউদ্দীপক নয়।”
সেভিয়ার বিপক্ষে ড্র করা বার্সার শিরোপা স্বপ্নে ঠিক কতোটা প্রভাব ফেলবে এমন প্রশ্ন করা হলে এনরিকের জবাব, “আমার কোনো ধারনা নেই। গণিতে আমি খুবই খারাপ। লিগের ৩৮তম ম্যাচ না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারব না। অবশ্য ৩১ রাউন্ড শেষে আমরাই গ্রুপ লিডার।”
প্রসঙ্গত, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আগামী বুধবার প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সামনে দাঁড়াবে বার্সা। চলতি মৌসুমে গ্রুপ পর্বেও দল দুটি দুবার মুখোমুখি হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








