বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
পাকিস্তান হারলেও অবাক হবেন না লতিফ
ঢাকা: ৫০ ওভারের ক্রিকেট দিয়ে আগামী ১৭ এপ্রিল মাঠে গড়াবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার আগে ইতোমধ্যেই দুই দলের ‘মাইন্ড গেম’ শুরু হয়ে গেছে। প্রথমে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘোষণা দেন, আসন্ন হোম সিরিজে আমরাই ফেভারিট। এর প্রতুত্ত্যরে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের তোপ, দুই দলের খেলা অতীত পরিসংখ্যানে একটু চোখ দাও। কিন্তু হাফিজের কথার সাথে খুব বেশি একমত মনে হচ্ছে না রশিদ লতিফকে। কারণ, টাইগারদের বিপক্ষে পাকিস্তান হারলেও অবাক হবেন না সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান।
রোববার বাংলাদেশ সিরিজ নিয়ে নিজের লেখা এক কলামে লতিফ লিখেন, “পাকিস্তান ক্রিকেটকে ঘিরে সাম্প্রতিক হ-য-ব-র-ল অবস্থা সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে পারে আজহার আলি, মিসবাহ উল হক ও শহীদ আফ্রিদির দল। অবশ্য খারাপ কোনো রেজাল্ট হলেও তা আমায় অবাক করবে না। কেননা বিশ্বকাপে ভালো খেলেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। এর মাঝে ইংল্যান্ডকে হারিয়েছে দলটি। সুতরাং বাংলাদেশের জয় পাওয়া বিস্ময়কর কিছু হবে না।”
পাকিস্তানের টেস্ট দল নিয়ে লতিফ বলেন, “পাকিস্তান দলে ইউনিস খান একমাত্র বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু তাকে কখনোই পুরোপুরি মূল্যায়ন করা হয়নি। মিডিয়া সবসময় শহীদ আফ্রিদিকে একজন স্টার খেলোয়াড় হিসেবে উপস্থাপন করে। কিন্তু আফ্রিদি ও মিসবাহ কেউ-ই বিশ্ব মানের খেলোয়াড় নন। আর এই কারণেই বিশ্বকাপ ফাইনালে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, ড্যানিয়েল ভেট্টোরি ও মাইকেল ক্লার্কের মতো তাদেরকে ডেকে পাঠানো হয়নি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








