শোককে শক্তিতে রূপান্তরিত করে ঢাকা ক্যাপিটালসের জয়যাত্রা
ছবি: সংগৃহীত
শোককে শক্তিতে রূপান্তরিত করে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে এবং ৭ বল হাতে রেখে জয় তুলে নেওয়া এই ম্যাচে দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে উপস্থিত থেকেও শেষ পর্যন্ত জয়ের দৃশ্যটি দেখতে পারেননি।
মাঠে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে নিলে মারা যান দেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত এই কোচ। তবে এই শোক ঢাকার খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়নি। বরং উল্টো শোককে শক্তিতে পরিণত করে তারা নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর ইনিংস মাত্র ১৩২ রানে আটকে দিয়েছে।
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী ওয়ারিয়র্সের শুরু হতাশাজনক ছিল। প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় তারা। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত চেষ্টা করেন জুটি গড়তে, কিন্তু ঢাকার বোলাররা তা বড় করতে দেননি। নাসির হোসেনের অফ স্পিনে আউট হন তানজিদ (১৫ বলে ২০ রান)।
গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হন ইয়াসির আলী রাব্বিও। ইমাদ ওয়াসিমের বলে পুল করতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি (১৫ বলে ১৩)। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বল খেলে তিনি করেন ৩৭ রান। মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করে ফেরেন। ইনিংসের শেষ দিকের দায়িত্বশীল ব্যাটিং করে মোহাম্মদ নাওয়াজ ২৬ বলে ২৬ রান করেন এবং দলের স্কোর ১৩২ রানে নিয়ে যান।
আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ছিলেন সবচেয়ে সফল, ৪ ওভারে ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন। নাসির হোসেন শিকার করেন ২টি উইকেট। এছাড়া সালমান মির্জা ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়মিত বিরতিতে উইকেট আনে।
১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে ঢাকা চাপের মুখে পড়ে। তবে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। উসমান ১৫ বলে ১৮ রান করে আউট হন, অপরপক্ষে একপ্রান্ত ধরে রাখেন মামুন। হাফ-সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেমে যান ৪৫ রানে।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) এবং নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের অবিচ্ছিন্ন জুটি ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৮ বলে ৩৬ রান যোগ করে শেষ করেন তারা। সাব্বির ১০ বলে ২১ এবং শামীম ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ছিলেন সবচেয়ে সফল। তিনি ২১ রান খরচায় ৩টি উইকেট নেন। তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।
ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই জয়কে প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেছেন। গত বিপিএল পর্বে টানা ৬ ম্যাচ হেরেছিল ঢাকা, যা প্লে-অফে যাওয়ার সম্ভাবনা শেষ করে দিয়েছিল। এবার দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








