News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ২৭ ডিসেম্বর ২০২৫

মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ছবি: সংগৃহীত

বিপিএল ক্রিকেটের উৎসবের মাঝেই নেমে এলো শোকের কালো ছায়া। শনিবার (২৭ ডিসেম্বর) নিজেদের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগমুহূর্তে এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো ক্রিকেট অঙ্গন।

ম্যাচের আগে খেলোয়াড়দের নিয়ে গা গরমের অনুশীলন করাচ্ছিলেন জাকি। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, অনুশীলন সেশন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মাহবুব আলী জাকি।

বিপিএলকে ঘিরে গত কয়েক দিন ধরে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে দলের পরিকল্পনা নিয়ে কথা বলেন। আজ ছিল তার দলের প্রথম ম্যাচ। অথচ সেই প্রত্যাশিত মুহূর্তের আগেই থেমে গেল তার পথচলা।

আরও পড়ুন: এমসিজিতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মাহবুব আলী জাকি শুধু একজন কোচ নন, বাংলাদেশের পেস বোলিং গড়ে তোলার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। পাশাপাশি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

তার আকস্মিক প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবারসহ দেশের ক্রিকেটাঙ্গন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়