সাবিনাদের প্রস্তুতিতে দুই নারী ইরানি কোচ নিয়োগ
ছবি: সংগৃহীত
তাবিথ আউয়ালের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটসালেও গুরুত্ব দিচ্ছে। ২০১৮ সালে এশিয়ান নারী ফুটসাল বাছাইয়ের পর বাংলাদেশ নারী দল কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ ফুটসালে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী দল। এজন্য ইতোমধ্যে খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) নারী দলের জন্য দুই জন ইরানি কোচও আসেন। একজন অনুশীলনে অংশ নেন। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ‘মিত্রা চিনসারি সহকারী ও মাহানাজ আশতে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন। তারা দু’জনই ইরানি এবং সাফ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।’ বাংলাদেশের নারী ফুটবলে এ ধরনের বিদেশি নারী কোচ আগেও কাজ করেননি।
ইরানি কোচদের পাশাপাশি হেড কোচের দায়িত্বে থাকবেন পুরুষ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ইমরানুর রহমান বলেন, ‘সাঈদ অত্যন্ত অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের সূচিতে একদিন পুরুষদের ম্যাচ, আরেকদিন মেয়েদের। এতে দুই দলে কোচিং করাতে সমস্যা হবে না। মেয়েদের দলকে পর্যাপ্ত সহায়তা দিতে দু’জন নারী কোচ আনেছি। তারা সাঈদের সঙ্গে বোঝাপড়াও ভালো রাখবেন।’
আরও পড়ুন: বিপিএলে শহিদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগ বিসিবির
উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ ফুটবল দল এবার প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ বাছাই খেলেছে। এএফসির গাইডলাইন অনুযায়ী কোচিং সনদপ্রাপ্ত কোচ থাকা আবশ্যক, যা বাংলাদেশের কারও ছিল না। এজন্য ইরানি কোচ সাঈদকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার চুক্তি শেষ হলেও সাফ টুর্নামেন্ট পর্যন্ত নবায়ন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








