খালেদার আঁচলে রাজাকার ও জঙ্গিবাদ: তথ্যমন্ত্রী
নড়াইল: খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার আঁচলে সন্ত্রাসী, রাজাকার, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদকে আশ্রয় দিয়ে রেখেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া হরতাল অবরোধের নামে মানুষ হত্যা করেছেন, গণতন্ত্রের জন্য নয়।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষ পোড়ানোর জন্য খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চাননি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি, তিনি সাপের মতো খোলস পাল্টেছেন মাত্র।”
জেলা মিলনায়তনে জেলা জসদ সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, মঞ্জুর আহম্মেদ মঞ্জু, যশোর জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








