অনিসুলকে সুবিধা দিতেই মিন্টুর মনোনয়ন বাতিল: বিএনপি
ঢাকা: অবিলম্বে সব রকম অপতৎপরতা থেকে বিরত হওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীকে বাড়তি সুবিধা দিতে সামান্য ত্রুটি দেখিয়ে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন পত্র বাতিল করেছে বলেও অভিযোগ করে দলটি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, “দেশের প্রচলিত আইনে সিটি করপোরেশনের মেয়রসহ স্থানীয় সরকারের কোন পদে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল কাউকে মনোনীত করতে পারে না এবং সরকারি পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। অথচ দেশবাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন এবং পরবর্তীতে তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলীয় সভায় তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।”
তিনি বলেন, “এই নিয়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে টকশোতে সমালোচনা হলেও নির্বাচন কমিশন না শোনা, না জানা ও না বোঝার ভান করেছে। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা দেয়ার জন্য সামান্য এক ত্রুটি দেখিয়ে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, নামে স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান বশংবদ নির্বাচন কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনে যেমন ফরমায়েশি প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, এবারও তারই পুনরাবৃত্তি শুরু করেছে।
বিবৃতিতে সরকারের প্রতি অভিযোগ করে তিনি জানান, নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহানগর বিএনপি ও ২০ দলের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে আটক, পায়ে গুলি করে পঙ্গু এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গুম করে নেতাকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করে সরকার খালি মাঠে গোল দেয়ার উদ্দেশ্যে হঠাৎ করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএনপি ও ২০ দলের কৌশলী সিদ্ধান্তের ফলে গোটা পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাওয়ায় এখন আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনকে তারা মাঠে নামিয়েছে।
তিনি বলেন, “গত ৬টি সিটি করপোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয় প্রমাণ করেছে যে জনগণ শান্তিপূর্ণ পরিবেশ সরকার সমর্থক প্রার্থীদের ভোট দেবে না। সেকারণেই সরকার বিরোধী প্রার্থী মিন্টুর মনোনয়ন পত্র বাতিলের হঠকারী সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”
সরকারের প্রতি অভিযোগ করে নজরুল ইসলাম খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা অবিলম্বে এসব অপতৎপরতা থেকে বিরত হওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনী নাটক করার যেকোন প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে অবশ্যই প্রতিহত করবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








