প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবারো স্মারকলিপি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চতুর্থ গেটে এ স্বারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী আব্দুল হামিদ।
সোমবার স্বারকলিপি দিয়ে গণমাধ্যমকর্মীদের হাসিনা আহমেদ বলেন, “ আমার একান্ত ইচ্ছা সন্তানদেরসহ আমি আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে সাক্ষাৎ করি। আশা করি শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে মানবিক দিক বিচার করে আপনার সুবিধা মতো আমাদেরকে সাক্ষাতের সামান্য সময় বরাদ্দ করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।”
এসময় তিনি বলেন, ‘‘আমার স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী বরাবর দ্বিতীয়বারের মতো স্মারকলিপি ও আবেদন পেশ করেছি। আশা করি সরকার বিবেকবান মানুষ হিসেবে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন। আশা করি এবার তিনি আমাদেরকে নিরাশ করবেন না।”
এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








