সমান সুযোগ রেখেই সিটি নির্বাচন হচ্ছে: নাসিম
যশোর: সবার জন্য সমান সুযোগ-সুবিধা রেখেই সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবন পরিদর্শনশেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ আমাদের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এ সরকারের আমলে ইতোপূর্বে সমস্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো হস্তক্ষেপ করেনি সরকার। এবারও করবে না।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “নির্বাচন এলেই ২০ দল নানা অনিয়মের অভিযোগ উত্থাপন করে। অথচ সমস্ত অনিয়মের হোতা তারাই। হরতাল-অবরোধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেছে তারা। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
এর আগে মন্ত্রী যশোর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে কলেজের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর মেডিকেল কলেজ অধ্যক্ষ এএইচএম মাহবুব-উল মওলা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








