খোকনের জবাবে সন্তুষ্ট, পোস্টার পেলে মিলনের বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনী বিধি ভঙ্গের নোটিশের শোনানিতে সাঈদ খোকনের জবাবে সন্তুষ্ট হয়েছে নির্বাচন কমিশন। একইসাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভ্রাম্যমান আদালত হাজী সাইফুদ্দীন আহাম্মেদ মিলনের পোস্টার খুঁজে পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ নিউজবাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, “সাঈদ খোকনের নির্বাচনী প্রচারনা বা ভোট চাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আমরা তাকে শোকজ করেছিলাম। কিন্তু তিনি শোকজের যে লিখিত জবাব দিয়েছেন সেখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো আলামত পাইনি। কাজেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না।”
তিনি আরো বলেন, “হাজী সাইফুদ্দীন আহমেদ মিলনের কোনো পোস্টার লাগানো আছে কিনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা খঁজতে অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমান আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো পোস্টার খুঁজে পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করে নির্বাচনী বিধি ভঙ্গের বিষয়ে মিলন বলেন, “সিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে এসব পোস্টার লাগানো হয়েছে। বিপুল সংখ্যক পোস্টার এত অল্প সময়ে সরানো সম্ভব হয়নি। কিছু পোস্টার রয়ে গেছে। তবে সচেতনভাবে ভোট চেয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করিনি।”
উল্লেখ্য, সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার একদিনের মধ্যে শনিবার সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিস পাঠান ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন কমিশন। সাঈদ খোকনের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলনকেও ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে পোস্টার সাঁটানোর ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








