অবশেষে তালা কেটে বিএনপি কার্যালয়ে প্রবেশ
ঢাকা: ৯১ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের তালা কেটে বিএনপি অফিসে প্রবেশ করেছে বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা দেয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর লাগানো ২টি তালার চাবি না পাওয়ায় প্রথমে তালা খুলতে দুই দফা চেষ্টা চালানো হয়। পরে বাধ্য হয়ে তালা কেটেই কার্যালয়ে ঢুকেছেন দলীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় অনেক সিনিয়র নেতাদের কার্যালয়ে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কেউ আসতে পারেননি বলে জানিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন তালা কেটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে আসার সিদ্ধান্ত নেন গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করা দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ওই রাতেই গুলশান কার্যালয় ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। আর এ দিকে অসুস্থ রিজভীকে কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে দুটি তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে পুলিশ প্রহরায় কার্যালয়টি বন্ধ ছিল।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








