অবরোধ বহাল, রোববার বিক্ষোভ
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন ও এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা থেকে সরে এসেছে বিএনপি। পরিবর্তে গত সপ্তাহের মত রোববারও সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি বহাল থাকবে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকত উল্লাহ বুলু এসব কর্মসূচির কথা জানান।
বুলু বলেন, ‘‘বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুমকৃত সব বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতাসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতারসহ মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল ৫ এপ্রিল রোজ রবিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।”
এছাড়াও বিবৃতিতে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনকে অবজ্ঞা করছে বলে অভিযোগ করে ২০ দল। পাশাপাশি বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারে পুলিশের অযাচিত বাড়াবাড়ি গোটা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ, কলুষিত ও আতঙ্কিত করে তুলেছে বলে অভিযোগ করেন বুলু।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








