জাতি কলঙ্কিত বোধ করছে: ২০ দল
ঢাকা: আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের নির্লজ্জ মিথ্যাচারের জাতি কলঙ্কিত বোধ করছে বলে মন্তব্য করেছে ২০ দল।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকত উল্লাহ বুলু এ মন্তব্য করেন।
বুলু বলেন, “মিথ্যাচারেরও একটা সীমা পরিসীমা আছে, কিন্তু বর্তমান অবৈধ সরকারের একজন মন্ত্রী বলেছেন ‘বিএনপির সদর দপ্তর আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করেনি; বিএনপিই কার্যালয়ে তালা ঝুলিয়েছে, নেতারা চাইলে অফিসে বসতে পারেন, বাধা দেয়া হবে না।’ অথচ সাংবাদিক মহলসহ দেশবাসী জানে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীকে অসুস্থ অবস্থায় কার্যালয় থেকে ডিবি পুলিশ ৩ জানুয়ারি গ্রেফতার করে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মর্মে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দেশবাসীকে ক্রমাগত হতাশ করছে উল্লেখ করে বুলু বলেন, “যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই হয় তাহলে প্রতিদিন খবরের কাগজে দেশবাসী কি দেখছে? প্রতিদিন হত্যা, গুম, অপহরণের পর অস্বীকার এবং সর্বোপরি জেল কিংবা পুলিশি হেফাজতে বিরোধী দলীয় নেতাকর্মীদের মৃত্যু কী তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের আলামত?”
সিটি নির্বাচনের বিষয়ে বুলু বলেন, “সরকার এবং নির্বাচন কমিশনের উচিৎ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








