News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

‘সেলিম-সাঈদ ভাই ভাই, আর কোন ভয় নাই’

‘সেলিম-সাঈদ ভাই ভাই, আর কোন ভয় নাই’

ঢাকা: মেয়র পদে মনোনয়নপত্র তুলে জমা দিতে না পেরে স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম সংসদে ক্ষোভ প্রকাশ করলেও এবার তিনিই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন। নামাজ শেষে মহানগর আওয়ামী লীগের এই দুই নেতা গলাগলি করে মসজিদের বাইরে এলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়।

এসময় হাজী সেলিম সাংবাদিকদের আর কিছু না বললেও খোকন সাংবাদিকদের বলেন, “সেলিম ভাই নামাজ পড়ার দাওয়াত দিয়েছিলেন। তাই তার সঙ্গে নামাজ পড়লাম।”

এসময় উপস্থিত নেতাকর্মীরা ‘সেলিম-সাঈদ ভাই ভাই, আর কোন ভয় নাই’, ‘সাঈদ-সেলিম যেখানে, জয় হবে সেখানে’ ইত্যাদি নানা স্লোগান শুরু করেন। পরে নিজের বাসায় খোকনকে নিয়েই মধ্যাহ্নভোজে যান হাজী সেলিম। এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও মধ্যাহ্নভোজে অংশ নিতে সেলিমের বাসায় যান।

মধ্যাহ্নভোজে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় হাজী সেলিম ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরামর্শ ও অনুরোধে সাঈদ খোকনের পক্ষে একসঙ্গে কাজ করতে রাজি হন হাজী সেলিম।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়