প্রধানমন্ত্রীর উদ্দেশে মাহবুব
যদি ভালো চান নিরপেক্ষ নির্বাচন করুন
ঢাকা: সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যদি ভালো চান তাহলে নিরপেক্ষ নির্বাচন করুন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট অব বাংলাদেশ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উপলক্ষে গণতন্ত্র-ভোটাধিকার-আইনের শাসন, মানবধিকার ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এসময় তিনি বলেন, “যদি ভালো চান তাহলে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। জনগণ ভোট দিতে চায়। তাদেরকে স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ করে দিন। সিটি কর্পোরেশন নির্বাচন আপনার জন্য সুযোগ।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, “আপনি বলেছিলেন বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, তারা গর্তে আত্মগোপন করেছে। আজকে বিএনপি যখন গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছে তখন আপনারা এ আন্দোলনকে সন্ত্রাসী-জঙ্গিবাদী আন্দোলন বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “সিটি নির্বাচন আরো অনেক আগে দেয়ার দাবি ছিল আমাদের। অনেক দেরিতে হলেও নির্বাচন দিয়েছেন। আপনি ভেবেছিলেন বিএনপি নির্বাচনে অংশ নেবে না।”
তিনি বলেন, “১৬ কোটি মানুষকে জিম্মি করে একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করার চিন্তা ভুল। অতীতে কেউ একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে পারেনি। আপনিও পারবেন না। আপনি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, যারা আপনাকে ঘিরে ধরেছে তারা আপনাকে ধ্বংস করবে।”
মাহবুব হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া গণমানুষের মুক্তি চান। মানুষের ভোটের অধিকার ফেরত চান। আর এজন্য তিনি আন্দোলন করছেন। ক্ষমতার লোভ তার নেই। তিনি ক্ষমতা চান না।”
পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী এসময় বলেন, “সালাউদ্দিন আহমেদ একজন রাজনৈতিক নেতা। সে হিসেবে কথা বলার অধিকার তার আছে। কিসের ভিত্তিতে তাকে অপহরণ করা হয়েছে? অতি সত্ত্বর তাকে ফিরিয়ে দিন।”
তিনি আরো বলেন, “দেশে আজ মানুষের কথা বলার অধিকার নেই। গুম-খুন-হত্যা চালিয়ে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে।”
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি বিপ্লব উজ্জামান বিপ্লব, এম ট্যাবের উপদেষ্টা নাসির আহমেদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








