News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আইন বহির্ভূত: সুরঞ্জিত

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আইন বহির্ভূত: সুরঞ্জিত

ঢাকা: সিটি নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের যে দাবি করেছে তা আইন বর্হিভূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে সুরঞ্জিত বলেন, “প্রত্যেকটি করপোরেশন নির্বাচনের মতো এই ৩ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনেও কোথাও নেই যে সেনা মোতায়েন করতে হবে। তাহলে আপনারা (বিএনপি) এই দাবি কোথা থেকে নিয়ে এলেন?

সামরিক বাহিনী নামানোর বিষয়ে নির্বাচন কমিশন নয়, সরকার ঠিক করে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, “সেনাবাহিনীর প্রশিক্ষণ কি নির্বাচন পরিচালনার জন্য? সেনাবাহিনীর প্রশিক্ষণ উচ্চতর। তারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। তাই যত্রতত্র সামরিক বাহিনী নামানো যাবে না।”

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ খালেদা জিয়াকেই নিতে হবে বলেও মন্তব্য করে সুরঞ্জিত আরো বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন নয় খালেদা জিয়াই প্রধান বাধা। তার দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আবার একইসঙ্গে তিনি হরতাল-অবরোধ ডেকে রেখেছেন। অবরোধই যদি রাখেন তবে আপনি নির্বাচন করবেন কিভাবে?”

ডা. খন্দকার মো. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়