দুনিয়ার কোনো শক্তি সিটি নির্বাচন ঠেকাতে পারবে না: নাসিম
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি নির্বাচন করতে চান ভালোভাবে করেন। নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। দুনিয়ার কোনো শক্তি সিটি নির্বাচন ঠেকাতে পারবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন
নাসিম বলেন, “৫ জানুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারেনি, সিটি করপোরেশন নির্বাচনও কোনো শক্তি বানচাল করতে পারবে না। নির্বাচন নিরপেক্ষ স্বচ্ছ হবে এবং নির্বাচনে জনগণ যে রায় দেবে আমরা সে রায় মেনে নেবো।”
খালেদা জিয়ার নির্বাচনে আসাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে তিনি আরো বলেন, “৫ জানুয়ারি নির্বাচন না করে যে ভুল করেছিলেন তার মাসুল আপনাকে দিতে হচ্ছে। হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না।”
ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








