News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

প্রার্থীদের বাড়িতে যৌথবাহিনী, অভিযোগ বিএনপির

প্রার্থীদের বাড়িতে যৌথবাহিনী, অভিযোগ বিএনপির

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দলের কাউন্সিলর পদপ্রার্থীদের বাসায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর থানা বিএনপির প্রায় ১৩ জন কাউন্সিলর প্রার্থী ও নেতার বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন থানা সাংগঠনিক সম্পাদক এবিএম রাজ্জাক।
 
রাজ্জাক বলেন, “আমাদের মনোনীত কমিশনার প্রার্থীদের বাসায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেল চারটায় বাসায় অভিযান চালিয়ে প্রার্থীদের বাসায় না পেয়ে বাসার আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ভাঙচুর করে এবং বাসায় অবস্থানরত মহিলা ও অন্যদের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।”
 
তিনি বলেন, “মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী নাজমা কবিরের বাসায় অভিযান চালানো হয়। নাজমা কবিরকে না পেয়ে তার স্বামী মো. হুমায়ুন কবিরকে মারতে মারতে দারুস সালাম থানায় নিয়ে যায়।”
 
তালিকা দিয়ে রাজ্জাক জানান,“মিপুর থানা বিএনপির সভাপতি সৈয়দ বদরুল আলম বাবুল, ৯নং ওয়ার্ডের প্রার্থী ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান, ১০নং ওয়ার্ড প্রার্থী ও বিএনপির সভাপতি সৈয়দ ওয়াহেদুল আলম লাবু, সাবেক কমিশনার মো. মাসুদ খান, ১১নং ওয়ার্ড প্রার্থী ও মিরপুর থানা বিএনপির সহ সভাপতি কাউসার আহমেদ, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রার্থী ফজলুল হক ফজলু, ১৩নং ওয়ার্ড বিএনপির প্রার্থী ও সভাপতি আবুল হোসেন আব্দুল, ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুন্সি বজলুল বাসেদ আনজু, একেএম আহমদ হোসেন, দেলোয়ার হোসেন দুলু এবং ৮নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী ফেরদাউস আহমেদ মিষ্টি ও ডা. আনিছুর রহমান মিল্টনের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভয়ভীতি দেখায়। এতে প্রার্থীদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।”

মিরপুর থানা বিএনপির পক্ষ থেকে এবিএমএ রাজ্জাক এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপির সকল কাউন্সিলারকে ঐক্যবদ্ধ থেকে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

১০নং ওয়ার্ড প্রার্থী ও বিএনপির সভাপতি সৈয়দ ওয়াহেদুল আলম লাবু নিউজবাংলাদেশ.কমকে বলেন, “বিকেল চারটার দিকে আমার বাসায় যৌথবাহিনী অভিযান চালায়। আমাকে না পেয়ে তারা পরিবারের মহিলা সদস্যদের সাথে খারাপ আচরণ করে। তখন যৌথবাহিনীর সিনিয়র অফিসার ধমক দিলে জুনিয়র অফিসাররা ক্ষান্ত হয়।”

নিজের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে তা জানেন না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “সিটি নির্বাচনে আমরা মনোনয়ন দাখিল করেছি। যাতে প্রচারণায় অংশ নিতে না পারি, সেজন্য রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এ অভিযান চালানো হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার এসআই আনোয়ার নিউজবাংলাদেশ.কমকে জানান, “সিটি নির্বাচনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আজও অভিযান হয়েছে। তবে নাজমা কবিরের স্বামী মো. হুমায়ুন কবিরকে আটক করার বিষয়টি নিশ্চত করতে পারেন নি তিনি।

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়