News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

সরকারের অপকৌশল বাস্তবায়ন হবে না

সরকারের অপকৌশল বাস্তবায়ন হবে না

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন দখলে নিতে সরকারের অপকৌশল কখনোই বাস্তাবায়ন হবে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সালাহ উদ্দিন আহমেদের সন্ধান এবং নির্বিচারে গ্রেফতার, গুম-খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো নির্বাচন করে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন দখলে নেয়ার অপকৌশল নিয়েছে সরকার। কিন্তু তাদের এ স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না।”

তিনি আরও বলেন, “সরকার গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি নীল নকশার অংশ হিসেবে সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বল প্রয়োগ করে বিএনপির আন্দোলন দমানোর চেষ্টা করছে।”

তিনি বলেন, “সরকার একদিকে সিটি নির্বাচন দিচ্ছে অন্যদিকে মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের প্রার্থীদের হয়রানি করছে। আমরা সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান চাই। একইসাথে এ নির্বাচনে সবার সমান সুযোগ চাই।”

গাজী বলেন, “পুলিশের মহাপরিচালক যখন বলেন গুলিতে যারা নিহত হয় তারা প্রত্যেকেই সন্ত্রাসী, তখন এ কথা প্রতীয়মান হয় যে, সরকার বল প্রয়োগের পদ্ধতি অব্যাহত রেখে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চায়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাচ্চু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাবেক প্রভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়